tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কয়েকটি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন।

ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের বিয়াম ল্যাবরেটরি স্কুলে যান। বেলা ১১টা ৫ মিনিটে তিনি স্কুলে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট শ্রেণিকক্ষে অবস্থান করেন বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নির্মাণাধীন ভবনের পাশের স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও তাদের সাড়া দেন। পরে তিনি মূল অনুষ্ঠানে অংশ নেন এবং তা শেষ করে আবারও স্কুলে ফিরে যান।

তিনি স্কুলের তিনটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের আঁকা ছবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে এবং কেউ কেউ তার অটোগ্রাফ নেয়। বড় হয়ে কী হতে চায়—এমন প্রশ্নের জবাবে নিজেদের স্বপ্নও জানায় শিশুরা। শিক্ষক-শিক্ষিকার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য

বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রশাসন কর্মকর্তাদের জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে জনপ্রশাসন কর্মকর্তারাই মূল সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতাই সরকারের সাফল্যের ভিত্তি। প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস ও সম্পূর্ণ ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই, যেখানে নারী ও যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবেশ সুরক্ষাও নীতির অংশ হবে।

প্রশাসনিক সংস্কার ও নিয়োগে জোর

তারেক রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক নিয়োগ, বদলি ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। তিনি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ও পাবলিক সার্ভিস কমিশন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের অঙ্গীকার, এবং প্রশাসনের দক্ষ বাস্তবায়নের মাধ্যমেই তা সম্ভব।

হকার পুনর্বাসনে নির্দেশ

ঢাকা শহর থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান এবং নির্ধারিত স্থানে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হবে।

এছাড়া স্কুল-কলেজের সামনে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

তরুণ উদ্ভাবকের গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদের তৈরি গো-কার্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি নিজেই গাড়িটি চালিয়ে দেখেন এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের তরুণদের এ ধরনের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

রিজওয়ান জানান, পারিবারিক অনুপ্রেরণা ও ব্যক্তিগত আগ্রহ থেকে তিনি এই গো-কার্ট তৈরি করেন। প্রধানমন্ত্রী তার কাজের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিবসহ বিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।