রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে বংশাল থানা শাখার এক কর্মী ইউসুফ আহত হন।
এসময় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। জানা যায়, পূর্ববর্তী আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুর এলাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন। এ বিষয়ে ঢাকার মহানগরের এক নেতার মাধ্যমে মোহাম্মদপুরের রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, রিয়ান সংশ্লিষ্টদের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ায় বিরোধের সূত্রপাত হয়।
শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সঙ্গে ওই নেতাদের মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।



