রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্যাঙ্গারে থাকা দুটি উড়োজাহাজ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যাতে আগুন অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।
প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, স্কাই ক্যাপিটাল নামের একটি এয়ারলাইন্সের অফিস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।



