tanaka
প্রচ্ছদজাতীয়শহীদ আসাদ দিবস আজ

শহীদ আসাদ দিবস আজ

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি শহীদ আসাদ নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, ‘১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশের জন্য দায়িত্ব পালনে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে অনুপ্রাণিত করবে।’

প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আসাদ দিবস পালিত হচ্ছে। সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থিত শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এ সময় গান ও কবিতা পাঠের মাধ্যমে শহীদ আসাদকে স্মরণ করা হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানের লড়াকু সাংস্কৃতিক জোট ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের’ সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শহীদ আসাদের সহযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার ১১ দফা দাবির মিছিলে পুলিশ গুলি চালায়। এতে মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং বহু মানুষ আহত হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে। স্বাধিকারের দাবিতে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে এবং সেই আন্দোলনই পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা শহীদ আসাদ: মির্জা ফখরুল

শহীদ আসাদ দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ আসাদুজ্জামানের আত্মত্যাগকে গণতন্ত্র রক্ষার সংগ্রামের চিরন্তন অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, শহীদ আসাদ ছিলেন তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অগ্রপথিক।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শহীদ আসাদের রক্তস্নাত আত্মত্যাগ আন্দোলনে দাবানল সৃষ্টি করেছিল, যার পরিণতিতে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়। বর্তমান সময়েও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আসাদের জীবন ও আদর্শ পথনির্দেশক হিসেবে কাজ করবে।

মির্জা ফখরুল আরও বলেন, যে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে শহীদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা বর্তমান প্রজন্মের দায়িত্ব।

তিনি দেশের সব স্তরের মানুষকে গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।