সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা পাওয়া না যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশে ব্যালট পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে ব্যালটগুলো ফেরত এসেছে।
পোস্টাল ব্যালটে অনিয়মের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
এছাড়া তিনি জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।



