দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি ট্রাকের সঙ্গে স্কুলগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলেই ১১ জন স্কুলশিক্ষার্থী মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুই শিশু মারা যায়।
কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় বেসরকারি ওই মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওভারটেক করার সময় শিশু বহনকারী মিনিবাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গাউতেং প্রদেশের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহত পাঁচজনকে সেবোকেং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়। মিনিবাসের চালকও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করবে।



