ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ বিকেলে দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টেস্টে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছেন পেসার শরীফুল ইসলাম। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল কার্যকর বোলিং। সেই দায়িত্বই সামনে থেকে পালন করেন শরীফুল। চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সাক্ষী হতে না পারা এই পেসার এবার গতির ঝড় তুলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে দেন।
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে তারা। এতে বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
তবে অস্ট্রেলিয়ার আরও বড় লিড নেওয়ার সুযোগ ছিল। শরীফুলের আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৬৫ রানেই তাদের ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ।



