ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
একই সঙ্গে ডিসেম্বরকেন্দ্রিক বা ঋতুভিত্তিক ঐক্যের পরিবর্তে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, আমরা পালিয়ে যাব না। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাঁকে, আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’
তিনি আরও বলেন, ‘এখানে তাঁর কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত লোক আছে। তাঁদের উজ্জীবিত করার জন্য এসব নাটক করা হচ্ছে। কখনো বিমান পাঠানো, কখনো গাড়ি পাঠানো, আবার কখনো সীমান্ত পরীক্ষা করার কথা বলা হচ্ছে—সবই নাটক। এগুলো স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে বিষয়টি হলো, তিনি আসবেন না। আর এলেও আমরা তাঁকে স্বাগত জানাব। আমরা ফুল নিয়ে যাব তাঁর জন্য। তিনি আসুন, এরপর বাংলাদেশের সব মানুষ গিয়ে তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন ৫ আগস্টই হয়েছে। দলটির ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছে, তা ওই দিনই চূড়ান্ত হয়েছে। বর্তমানে দলটির বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে তাদের পুনর্বাসনের সম্ভাবনা তো দূরের কথা, বরং তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।
ঐক্যের ধরন নিয়ে তিনি বলেন, ‘শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন, গ্রীষ্মকালীন কিংবা শরৎকালীন ঐক্য—এভাবে আসলে ঐক্য টেকসই হয় না। বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও উন্নয়নের জন্য আমাদের স্থায়ী ঐক্য প্রয়োজন।’
তিনি আরও বলেন, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং শক্তিশালী করার মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে।
প্রধানমন্ত্রীর নতুন করে ঐক্যের আহ্বান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। পুরো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করছে—এটি ভারতীয় আধিপত্যবাদ।’
তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের যে মনোভাব রয়েছে, তার বিরুদ্ধেই ৫ আগস্টের আন্দোলন হয়েছিল।
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, বিষয়টি আসলে কোন পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে তাদের পরিকল্পনা কী। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা সম্পর্কেও জানতে চেয়েছি।’



