ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ার পর দেশটির বিরোধী শক্তিগুলো এখন জনগণের মনোবল দুর্বল করা এবং অভ্যন্তরীণ বিভক্তি সৃষ্টি করার কৌশল নিয়েছে।
এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ইরানি জনগণের মধ্যে হতাশা, নৈরাশ্য বা বিভ্রান্তি ছড়িয়ে দেয়—এমন যেকোনো কর্মকাণ্ড বা বক্তব্য কার্যত শত্রুপক্ষের উদ্দেশ্য পূরণে সহায়ক হতে পারে। তিনি দেশবাসীকে ধৈর্য, সচেতনতা ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ইস্যুতে দেশের ভেতরে নতুন করে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক মোহাম্মদ রেজা বাহোনার।
তিনি বলেন, আলোচনা সমর্থনকারী বা বিরোধিতাকারীদের দেশদ্রোহী কিংবা বিদেশি শক্তির এজেন্ট হিসেবে চিহ্নিত করা জাতীয় স্বার্থের পরিপন্থী। এ ধরনের বক্তব্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি জনমনে অযাচিত সন্দেহের জন্ম দিতে পারে।
বাহোনার আরও বলেন, সংকট ও সংঘাতের সময়ে রাজনৈতিক মতপার্থক্যের চেয়ে জাতীয় সংহতি ও পারস্পরিক আস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।



