দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর বহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরকবাহী একটি ড্রোন সরাসরি জেনারেলের ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে আঘাত হানে। তবে হামলার অল্প সময় আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় তারা অক্ষত থাকেন।
হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং সেনা সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।
অন্যদিকে, লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার সরকার করেছিল, তা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ইসরায়েল কাৎজের মতে, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে ভবিষ্যতে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির পথও সুগম হতে পারে।



