লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) রাশিয়া টুডের বরাতে বার্তাসংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে ‘টার্গেট কিলিং’ অভিযানের মাধ্যমে হত্যা করা হয়েছে। দাবি করা হয়, নিহতদের একজন ছিলেন প্রকৌশলী, যিনি সংগঠনটির সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন।
বিবৃতিতে আরও জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে খিরবেত সেলম এলাকায় চালানো হামলায় ওই দুই সদস্য নিহত হন।
তবে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলার বিষয় উপেক্ষা করেই এ দাবি করছে দখলদার ইসরাইল। তাদের মতে, নিহত দুই হিজবুল্লাহ সদস্যের কর্মকাণ্ড তেল আবিব ও বৈরুতের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ছিল—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।
উল্লেখ্য, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও ইসরাইলি সেনাবাহিনী শতাধিকবার ওই চুক্তি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনো ইসরাইলের দখলে রয়েছে।



