tanaka
প্রচ্ছদসারাদেশরাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি সলিং রাস্তার ইট তুলে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য মাসুদ রানা রাস্তার প্রায় ৬০-৭০ মিটার অংশের ইট তুলে বিক্রি করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়নের সীমান্তবর্তী রইশ্যার বাড়ির সামনের চৌপল্লী-আলাদাদপুর সড়কে এ ঘটনা ঘটে। ব্লক স্থাপনের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণের টেন্ডার হওয়ার পরপরই ইট তুলে নেওয়া হয়। তবে চার মাস পার হলেও নতুন রাস্তার কাজ শুরু হয়নি। ফলে কাদাময় সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাসুদ রানা ইটগুলো একই এলাকার আব্দুস শহীদ ও আহমেদ কবিরের কাছে প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করেন। ইটের কিছু অংশ স্থানীয় পূর্ব আলাদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের বিপরীত পাশে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৭৮ মিটার রাস্তা ব্লক দিয়ে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৭০ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরহাম বিল্ডার্স।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার কাজ শুরু হবে বলে রমজানের সময় ইটগুলো তুলে বিক্রি করা হয়। এতে রাস্তা কাদাময় হয়ে পড়েছে এবং রিকশা, মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মাসুদ রানা বলেন, রাস্তার বরাদ্দ আনতে বিভিন্ন দপ্তরে তদবিরসহ তাঁর প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। তাঁর দাবি, সলিংয়ের ইট সরকারি বরাদ্দের ছিল না; স্থানীয় উদ্যোগে দেওয়া হয়েছিল। তিনি বলেন, স্থানীয়রাই ইট তুলে বিক্রি করেছেন।

হাজিরপাড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়েজুল ইসলাম খোকন বলেন, উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের উদ্যোগে রাস্তাটি সলিং করা হয়েছিল। রাস্তার কাজ অনুমোদনে মাসুদ রানার খরচ হওয়ায় তাঁকে টাকা দেওয়ার জন্য ইট বিক্রি করা হয়েছে।

ঠিকাদার আলী আহমেদ রকি জানান, বরাদ্দ অনুযায়ী রাস্তার কাজের দায়িত্ব তাঁর প্রতিষ্ঠান পেয়েছে। পরে কাজটি অন্য ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, রাস্তার ইট বিক্রির কোনো অধিকার কারও নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।