দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়েতে পরিণতি দিতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। আগামী শনিবার রোনালদোর জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক একটি ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী সেখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল তিনটায়। পরে অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা হোটেল স্যাভয় প্যালেসে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে বিয়ে করবেন এই জুটি। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়েও ওই স্থানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ চালু থাকবে। এরপর মাদেইরায় বিয়ের আয়োজনের খবর সামনে আসে।
স্থানীয় সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের কয়েকটি অংশ সাময়িকভাবে বন্ধ থাকবে। অনুষ্ঠান ও অতিথিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোনালদোর আবেগের শহর ফুনচাল
ফুনচাল শুধু বিয়ের স্থান নয়, রোনালদোর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ও। এই শহরেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সেখানে তাঁর সম্মানে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য এবং তাঁর নামেও রয়েছে একটি হোটেল।
বিশ্বের অন্যতম সফল ও ধনী ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল সংগ্রামের। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একটি ঘর ভাগ করে থাকতে হয়েছে তাঁকে। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে গিয়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেন তিনি।
নিজ জন্মভূমিতে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত উদ্যাপন করার সিদ্ধান্ত তাই রোনালদোর জন্য বিশেষ আবেগের বলে মনে করা হচ্ছে।
প্রেম থেকে বিয়ের পথে
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক।
গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। পরে দুজনকে একটি ইয়টে হীরার আংটি পরা অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
এর আগে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিশ্বকাপের পর এবার দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন এই তারকা জুটি।



