কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান এনভিডিয়া বুধবার (২৯ অক্টোবর) আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তি জায়ান্টটি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মালিক হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এখন এনভিডিয়ার একক বাজারমূল্য যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে বিশ্বের যে কোনো দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর চেয়েও বেশি।
মাত্র তিন মাস আগে কোম্পানিটির বাজারমূল্য ছিল ৪ ট্রিলিয়ন ডলার, আর দুই বছরের কিছু বেশি আগে তা ছিল মাত্র ১ ট্রিলিয়ন ডলার। বুধবার এনভিডিয়ার শেয়ারমূল্য ৩ শতাংশের বেশি বেড়ে ৫.০৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
বছরজুড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যে প্রবল উত্থান দেখা যাচ্ছে, তার মূল চালিকাশক্তি হয়ে উঠেছে এনভিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিনিয়োগের এই উন্মাদনা। এনভিডিয়ার শেয়ারমূল্যের এই অভাবনীয় উত্থান প্রযুক্তি খাতের বহু বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে বিলিয়নিয়ার করে তুলেছে।



