tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিজামায়াত–এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার: বিএনপি

জামায়াত–এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির অভিমত: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশের বহু বিষয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবনার সঙ্গে মিলে গেছে বলে মনে করছে বিএনপি। দলটির অভিযোগ, সবচেয়ে বড় স্টেকহোল্ডার হয়েও কমিশনের চূড়ান্ত সুপারিশে বিএনপির মতামত উপেক্ষা করা হয়েছে। এমনকি তাদের ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েও তা বাদ দেওয়া হয়েছে।

বিএনপি বলছে, এই ঘটনা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। দলটির মতে, ঐকমত্য কমিশনের এই পদক্ষেপ গণঅভ্যুত্থান–২৪–এর পর রাজনৈতিক ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি করছে। বিএনপির অভিযোগ, কমিশন, অন্তর্বর্তী সরকার ও আরও কয়েকটি রাজনৈতিক দল এখন কার্যত একই পক্ষ হয়ে গেছে। বিষয়টিকে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘অপচেষ্টা’ হিসেবে দেখছে।

বিএনপির স্থায়ী কমিটির সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকে এসব বিষয়ে বিস্তর আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থেকে যায়। এরপর গত মঙ্গলবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেন।

সুপারিশ অনুযায়ী, সরকারকে সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ওই আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে—এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।

এ ছাড়া সুপারিশে বলা হয়েছে, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করবে। গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অন্যতম বড় স্টেকহোল্ডার। অথচ আমাদের কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। বরং যেগুলো আমরা চাইনি, সেগুলোই বাস্তবায়নের পথে। ঐকমত্য কমিশন এখন কার্যত ‘অনৈক্য কমিশনে’ পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কমিশন সবকিছু নিজেদের মতোই ঠিক করে, তাহলে বিএনপিকে বৈঠকে ডাকারই বা কী প্রয়োজন ছিল? বিএনপিকে দেখিয়ে মাত্র আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে—এটা কোনোভাবেই ঐকমত্যের প্রতিফলন নয়।”