রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে কারিগরি সক্ষমতা, পরিচালনাগত প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করতে পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
রোববার (১১ অক্টোবর) সকালে রূপপুর প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। সভায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট প্রতিনিধিরা, বিশেষজ্ঞ এবং ভিও-সেফটি বিশেষজ্ঞরা অংশ নেন।
পরিদর্শনে ইউনিট-১-এর বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র, সংশ্লিষ্ট সিস্টেম, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা বাস্তবে যথাযথভাবে কার্যকর রয়েছে কি না, তা যাচাই করা হবে।
বায়েরা জানিয়েছে, ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ পরিদর্শন চলবে। কার্যক্রম শেষে পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পর্যায়ের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ১১ অক্টোবর বিকেল ৩টা ৩৪ মিনিটে সফলভাবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এই পর্যায় অতিক্রমের পর বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানোর পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই সম্পন্ন করা হবে।



