নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ সকালে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে—বাংলাদেশের এক কুখ্যাত ব্যাংক লুটের নায়ক এস আলম দিল্লিতে বসে আড়াই হাজার কোটি টাকা পাঠিয়েছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনায় এবং নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে।”
তিনি সতর্ক করে বলেন, “আমি সবসময়ই অনুরোধ করি—অত্যন্ত সজাগ থাকতে হবে। যদি মনে করি সব ঠিক হয়ে গেছে, আমরা জিতে গেছি, তাহলে সেটা হবে মারাত্মক ভুল।”
বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন অযৌক্তিক দাবি তুলছে। তিনি বলেন, “সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির মতো বিষয় বাংলাদেশের জনগণের কাছে অপরিচিত। অথচ এসব অচেনা ইস্যু নিয়ে জোরালো হুমকি দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো—কেন?”
একাত্তরের স্মৃতি মুছে ফেলার চেষ্টা হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারা নিজের চোখে দেখেছি মা-বোনদের ওপর নির্যাতন, ভাইদের হত্যাকাণ্ড, গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহতা। সেসব সহযোগীরা আজ বড় বড় কথা বলছেন। একাত্তরকে ভোলানো সম্ভব নয়, তবু চেষ্টা চলছে।”



