হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে আচারের বয়ামের ভেতর থেকে ডায়মন্ড, মূল্যবান রত্নপাথর ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রীদের ওপর নজরদারি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। একপর্যায়ে জনি রহমান নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর ব্যাগে থাকা আচারের বয়ামে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে মোট ১ কেজি ৫৪ গ্রাম ওজনের ডায়মন্ড, মূল্যবান রুবি পাথর ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট প্রত্যয়ন অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে, ৪৭৮ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ৪৫০ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো ১৫১টি প্লাটিনামের আংটি, ৬ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো তিনটি সাদা স্বর্ণের আংটি এবং ৮ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো দুটি রুপার আংটি।
এ ছাড়া রয়েছে ৪ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো পাঁচটি স্বর্ণের লকেট, ৫ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো একটি স্বর্ণের চেইন এবং ১০৩ গ্রাম ওজনের ডায়মন্ড বসানো ৪৭২টি স্বর্ণের নাকফুল। উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ছোট-বড় মিলিয়ে ৪৫ ক্যারেট ডায়মন্ড, পোখরাজ, রুবি ও অন্যান্য রত্নপাথরের ৭২০টি টুকরা এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব পণ্য দেশে আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা কাস্টমসের পক্ষ থেকে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
বিমানবন্দরে শুল্ক ফাঁকি ও চোরাচালান প্রতিরোধে চলমান নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



