tanaka
প্রচ্ছদরাজধানীরিকশার গদির নিচে চারটি ককটেল, ছাত্রলীগ নেতাসহ আটক ২

রিকশার গদির নিচে চারটি ককটেল, ছাত্রলীগ নেতাসহ আটক ২

রাজধানীর লালবাগে একটি রিকশার গদির নিচে শপিং ব্যাগে রাখা চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- নিষিদ্ধ ঘোষিত কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া নূর হোসেন মাহিন (২২) এবং রিকশাচালক মো. ইমন (২৩)।

জানা গেছে, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ। তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের আট নম্বর গলিতে। তিনি কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পরিচিত। অপর আটক ব্যক্তি মো. ইমন পেশায় রিকশাচালক।

লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে দুজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে রিকশার গদির নিচে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল।

রাব্বির দাবি, ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলো বিস্ফোরণের পরিকল্পনা ছিল আটক ব্যক্তিদের। ককটেল উদ্ধারের পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো জব্দ করে। পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদেরও ডাকা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন যুগান্তরকে বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি ককটেল উদ্ধার করে।