চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এ সফরে গেছেন তারেক রহমান। সফরকালে তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এর আগে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে দালিয়ানের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।



