রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। রাজধানীর আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এর ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।
রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পকে কয়েক দশকের মধ্যে দেশের অভ্যন্তরে উৎপন্ন সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এতে ১০ জনের প্রাণহানি ঘটে এবং আহত হন ছয় শতাধিক মানুষ।



