রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ হুইপ।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।
এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রসঙ্গে চিফ হুইপ জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকার ভোটের সময় উপস্থিত থাকবেন। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণ হবে এবং সংসদ সদস্যরা নিজ নিজ আসনের নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তাঁর দাবি, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ থাকবে না।
ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে ১১ দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। ওই দিন সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।



