সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এর একদিন আগে, রবিবার সকালে তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে, ২১ আগস্ট সরকারি সফরে চীনে গিয়েছিলেন সেনাপ্রধান। সফর শেষে তিনি গত বুধবার রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং সামরিক শিল্পে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ২২ আগস্ট PLA সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।



