বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছে না বলেও স্পষ্ট করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।
দুপুর ২টা ২০ মিনিটে ইসি সচিব আখতার আহমেদ নিজে তাকে ভবনের নিচতলায় স্বাগত জানান এবং প্রতিনিধিদলকে সিইসির দপ্তরে নিয়ে যান।
বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “নির্বাচন কমিশনের অতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি জানার, শোনার এবং বোঝার জন্য। অনেক গুজব ছড়ানো থাকায় আমি স্পষ্ট করে বলতে চাই—যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, রাজনীতিবিদ বা নির্বাচনী ফলাফলকে সমর্থন করে না।”
তিনি আরও বলেন, “আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানাই—যার মাধ্যমে আগামী বছরের শুরুতে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা আশা করি, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এটাই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের প্রথম বৈঠক।



