রাজধানীর যাত্রীদের সুবিধা ও ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের বেলায় মেট্রোরেল চলাচল আরও ২০ মিনিট বৃদ্ধি করা হচ্ছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
বুধবার (৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি চালু হলে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, আর মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
তবে সময়সীমা বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই একটি অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর জানিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত এই ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে কর্মজীবী মানুষ, অফিসফেরত যাত্রী এবং রাতের যাতায়াতকারীরা আরও বেশি সুবিধা পাবেন।
সূত্র আরও জানায়, সময়সূচি সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এ বিষয়ে শিগগিরই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথমে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে যাত্রী পরিবহন শুরু হলেও পরবর্তীতে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়।
সবশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু হলে উত্তরা থেকে মতিঝিল রুটে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে রাজধানীর অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণপরিবহন হিসেবে মেট্রোরেল প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের ভরসায় পরিণত হয়েছে। ভবিষ্যতে কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।



