রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করে ময়লা ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, পরিচ্ছন্ন ঢাকা মহানগরী নিশ্চিত করতে নগরীর সব ধরনের ময়লা ও বর্জ্য যথাসময়ে অপসারণ করা জরুরি। দিনের বেলায় রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের চলাচল ও সমাগম ঘটে। ফলে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
এ প্রেক্ষাপটে অধিকতর পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়লা-আবর্জনা অপসারণসহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের যুগ্মসচিব, স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।



