রাজধানীর রমনা এলাকার মৌচাকে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানা শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে বিষয়টি জানিয়ে তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে ওই ঘটনার মীমাংসার জন্য একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকের একপর্যায়ে কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে হামলাকারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনদের ভাষ্য, বিল্লাল হোসেন তালুকদারের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি সেখানে বালু ও সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি রমনা থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



