রাজধানীতে গত মঙ্গলবার (২১ অক্টোবর) ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত ওই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে আছেন কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ির মহালছড়ি থানা ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), ঝটিকা মিছিলে অংশ নেওয়া মো. রিয়াজ উদ্দিন (৪৯) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।



