টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি শোক বার্তায় তিনি বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন গতকাল টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, হামিদুল হক মোহন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি নিজ এলাকায় একজন জনপ্রিয় ও সম্মানিত নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে তার গভীর বিশ্বাস ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমাদৃত ছিলেন।
তার শোক বার্তায় আরও বলা হয়, তিনি একজন অত্যন্ত উদার, সজ্জন এবং বিনয়ী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।



