বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যে অধিকার ফিরানোর জন্য আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করেছে, চট্টগ্রামের ওয়াসিরও একই ত্যাগ স্বীকার করেছে। এমন হাজারো মানুষ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি সম্মান জানাতে আমাদের জুলাই সনদকেও সম্মান জানাতে হবে। তাই আপনাদের সকলকে অনুরোধ, ধানের শীষে ভোট দেবেন যেমন, তেমনি দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন।”
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আড়াই বছর আগে স্বৈরাচার মানুষের উপর চেপে বসেছিল। তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করে, যেখানে আমরা আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি। যা সমর্থন পেয়েছে, গ্রহণ করেছি; যা দ্বিমত ছিল, তা জনগণের সামনে প্রকাশ করেছি।”
তিনি আরও বলেন, “১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ভোট দিন। এভাবে আপনারা আপনার পরিকল্পনা সফল করতে পারবেন।”
শুরুর বক্তব্যে তিনি রংপুরের সম্ভাবনা তুলে ধরে বলেন, “সবাই বলে রংপুর গরীব অঞ্চল, আমি মনে করি এটি সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল। দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। এ রংপুরের মাটি আবু সাঈদের পবিত্র রক্তে মেশানো। এটি মূলত কৃষিপ্রধান অঞ্চল, যেখানে মানুষ কৃষি নির্ভর। গত ১৬ বছরে এখানকার কৃষকরা নানা নির্যাতনের শিকার হয়েছেন।”
তিনি চব্বিশের জুলাইয়ের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “যে ত্যাগ তারা করেছে, তা বৃথা যেতে পারে না। আমাদের যেকোনো মূল্যে তা মূল্যায়ন করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে।”
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “শহীদ জিয়ার শাসন গ্রহণের আগে এ অঞ্চলে বোরো ধান চাষ হত না। তার হাত ধরেই ধান চাষ শুরু হয়েছিল।”
prothomnews24.com/moha



