নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “আমি আশা করব, তারা নির্বাচনে আইন মেনে কাজ করবেন এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করবে না।”
তিনি বলেন, “মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার কাছে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি অনেক শক্তিশালী ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নি।”
মির্জা আব্বাস আরও বলেন, “এখন সারাদিন শুধু আমার নামে আক্রমণ। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। ওরা বুঝতে পারছে না, আমি জীবনে বহু নির্বাচন ফেস করেছি। আবারও বলছি, ওরা এখনো বাচ্চা ছেলে; আমার সন্তানের মতো।”
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর পরে পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির এক অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রিনপিস অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়সভায় অংশ নেন।
সাবেকমন্ত্রী মির্জা আব্বাস বলেন, “আমি জনগণের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখতে পাবো।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে, তবে পরবর্তীতে কী হবে, তা জানি না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও আচরণ দেখে মনে হচ্ছে তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে। বাস্তবতা অনুভব করতে হবে; কিছু বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে।”



