ইরানই যুদ্ধে জয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গিওরা আইল্যান্ড। তার মতে, সাম্প্রতিক সংঘাতে সামান্য ব্যবধান হলেও কৌশলগতভাবে এগিয়ে রয়েছে তেহরান।
ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে গিওরা আইল্যান্ড বলেন, যুদ্ধের ফলাফল এখন অনেকটাই স্পষ্ট এবং এই ফল নিয়ে ইরানই বেশি সন্তুষ্ট হতে পারে। তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও চাপে রয়েছে, যার প্রভাব ইসরায়েলের ওপর আরও বড় সংকট তৈরি করেছে।
তিনি বলেন, ব্যাপক হামলার পরও ইরানের শাসনব্যবস্থা অটুট রয়েছে এবং দেশটি নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
গিওরা আইল্যান্ডের দাবি, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালিতে আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারে আগ্রহী।
তার ভাষ্য অনুযায়ী, আগে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক মিত্রদের কার্যক্রম নিয়েও আলোচনা করতে চেয়েছিল। তবে বর্তমানে তাদের প্রধান লক্ষ্য সংঘাত বন্ধ করা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।



