কোরবানির ঈদ সামনে এলেই রাজধানী ঢাকার চেহারা বদলে যায়। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকভর্তি গরু ঢোকে শহরে। হাটে হাটে বাড়ে মানুষের ভিড়, দরদাম, হাঁকডাক আর ব্যস্ততা। কিন্তু এ ব্যস্ততার মাঝেই নীরবে কষ্ট বাড়ছে আরেক পক্ষের, কোরবানির জন্য আনা গরুগুলোর।তীব্র গরমে যখন মানুষই হাঁসফাঁস করছে, তখন দিনের পর দিন ট্রাকে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া গরুগুলোর অবস্থা আরও করুণ। ক্লান্ত শরীর, প্রচণ্ড গরম আর অস্বস্তিতে অনেক গরুই অসুস্থ হয়ে পড়ছে।এমন পরিস্থিতিতে রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় দেখা গেছে এক ভিন্ন দৃশ্য-বুড়িগঙ্গা নদীর পানিতে গরু নামিয়ে গোসল করাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। গরমে কাহিল হয়ে পড়া পশুগুলোর জন্য এ যেন সাময়িক স্বস্তির নিঃশ্বাস।কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে ঢাকায় আসছেন ব্যবসায়ীরা। অনেক সময় ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত ট্রাকে দাঁড়িয়ে থাকতে হয় পশুগুলোকে। রাস্তায় যানজট থাকলে সেই সময় আরও বেড়ে যায়। ঢাকায় পৌঁছানোর পরও বিশ্রামের সুযোগ কম। হাটে জায়গা নেওয়া, গরু নামানো, খাবার পানির ব্যবস্থা-সবকিছু মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। এর মধ্যেই তীব্র রোদ আর গরমে গরুগুলোর শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে।



