যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইরানের লাভান দ্বীপে একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শত্রুপক্ষের হামলায় লক্ষ্যবস্তু হয় লাভান দ্বীপের একটি তেল শোধনাগার। ইরানের জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানার বরাতে বলা হয়েছে, হামলার পরপরই শোধনাগারে আগুন ধরে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পুরো এলাকা নিরাপদ করার চেষ্টা চালায়।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। তিনি সাংবাদিকদের বলেন, “এই হামলার সঙ্গে আমরা জড়িত নই।”
তবে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



