২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে সব পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে হবে।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।



