রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোকে শান্তি আলোচনায় রাজি করাতে চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার (২২ অক্টোবর) জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
বেসেন্ট বলেন, “রাশিয়া শান্তি আলোচনায় গুরুত্ব দিচ্ছে না, তাই আমাদের এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না।” তিনি পশ্চিমা মিত্র দেশগুলোকেও এ নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান জানান।
এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কিছু ইতিবাচক অগ্রগতি হলেও বর্তমানে সরাসরি বৈঠকের কোনো উপযুক্ত সময় নয়।
তিনি আরও বলেন, “বর্তমানে কোনো তাৎক্ষণিক সমাধান দেখা যাচ্ছে না। তবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়েই শান্তি চান। এখনই সময় এই যুদ্ধের অবসান ঘটানোর।”
হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, নতুন নিষেধাজ্ঞা শান্তি আলোচনায় অগ্রগতি আনতে সহায়ক হবে। রুটে এসময় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রশংসা করেন এবং রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান।



