রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি নির্মীয়মাণ ভবনে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিক মো. শওকত হোসেন রিমন মারা গেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় রিমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিমনের সহকর্মী মো. আমির হোসেন জানান, দুপুরের দিকে কাজলা পেট্রল পাম্প সংলগ্ন ওই নির্মীয়মাণ ভবনে রড ওঠানোর সময় পাশের বৈদ্যুতিক তার স্পর্শ করলে রিমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিমন কুমিল্লার দেবীদ্বার থানার মো. জাবেদ ইকবালের ছেলে। তিনি যাত্রাবাড়ী কাজলার শেখদী এলাকায় ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



