ইউরোপের দেশ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: রয়টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে লিসবন। এ ঘোষণা আসছে জাতিসংঘের আগামী সপ্তাহের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
এর আগে, গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। সে সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে পর্তুগাল তখন অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নেয়।
বর্তমানে ইইউভুক্ত ২৭ দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস এবং কয়েকটি সাবেক কমিউনিস্ট দেশ।
এদিকে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।



