বিশ্বকাপ চলাকালে দীর্ঘ যাতায়াত ও ভ্রমণসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই দলের ভ্রমণসংক্রান্ত জটিলতার কথা তুলে ধরেন গালেনোয়ি। তিনি জানান, ম্যাচের পরপরই তিহুয়ানায় ফেরার নির্দেশ পাওয়ায় খেলোয়াড়দের পুনরুদ্ধার (রিকভারি) প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ইরানের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তর করা হয়। অথচ দলটির গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, ফলে বারবার সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।
গালেনোয়ি বলেন, “যাতায়াতেই আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। খেলোয়াড়দের রিকভারির জন্য প্রয়োজনীয় সময়ও পাচ্ছি না। আজকের ম্যাচের পর আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে বলা হয়েছে। অথচ এমন টুর্নামেন্টে খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমাদের আবার তিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে হবে, যা সত্যিই উদ্বেগজনক। আমার মনে হয়, পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকা দলগুলোর একটি আমরা।” ইরান কোচের মতে, এমন ভ্রমণসূচি দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে টুর্নামেন্টের ব্যস্ত সূচির মধ্যে।



