২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। এতে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা পাবেন ২ টাকা ৫০ পয়সা করে।
এই হিসাবে কোম্পানির ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার শেয়ারের বিপরীতে মোট ২৩ কোটি ৩৪ লাখ টাকা লভ্যাংশ বণ্টনের প্রস্তাব করা হয়েছে। ঘোষিত লভ্যাংশটি কোম্পানির মোট নিট মুনাফার মাত্র ৩০.২৩ শতাংশ, যা এক-তৃতীয়াংশেরও কম।
২০২৩-২৪ অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৩৮ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ৬ টাকা ৪ পয়সা। ওই বছর কোম্পানিটি ১৯ শতাংশ হারে মোট ১৭ কোটি ৭৪ লাখ টাকা লভ্যাংশ দিয়েছিল, যা ছিল মোট মুনাফার ৩১.৪৭ শতাংশ।
ঘোষিত লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডার অনুমোদন নিতে আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।
আর্থিক সক্ষমতা ও বাজার প্রতিক্রিয়া
গত অর্থবছরে কোম্পানির আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ১০ টাকা ৪২ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ছিল ৮৩ টাকা ৬২ পয়সা।
লভ্যাংশ ঘোষণার পরবর্তী দিন হওয়ায়, আজ কোম্পানির শেয়ারদর সার্কিট ব্রেকারের সীমাবদ্ধতার বাইরে ছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেয়ারটির লেনদেন হয় ৮৮ টাকা ১০ পয়সায়, যা আজ এক পর্যায়ে বেড়ে ৯১ টাকা ৭০ পয়সায় পৌঁছায়।



