tanaka
প্রচ্ছদরাজনীতিমেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর সফরে গিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানযোগে যশোরে পৌঁছে প্রথমেই তিনি পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত উলাসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। কোদাল হাতে প্রতীকীভাবে মাটি কেটে প্রকল্পের কাজ শুরু করেন তিনি। পরে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। দিনশেষে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জনসভায় তিনি বিরোধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের শান্তি নষ্ট করে অতীতের মতো দীর্ঘদিন হরতাল পালনের সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে মেয়েদের ডিগ্রি ও স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দেন এবং জানান, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তারেক রহমান বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং দেশের উন্নয়নকে জনগণের উন্নয়নের সঙ্গে সমানভাবে দেখে। তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করছে।

বক্তৃতায় তিনি দেশবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতীতে যারা বিভ্রান্তি ছড়িয়েছে, তারাই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তব উন্নয়ন কাজ করতে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি সহায়তা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। বিশেষ করে মা-বোনদের শিক্ষা, শিশুদের টিকাদান, গ্রাম ও শহরে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনগণের বিভিন্ন দাবি—যেমন সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সরকারিীকরণ ও অবকাঠামো নির্মাণ—ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রায় আধাঘণ্টার বক্তব্যে তিনি সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জনসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এতে আরও বক্তব্য দেন দলের সিনিয়র নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

সফরের শুরুতে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী যদুনাথপুর জিয়া খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন। পরে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। দিনশেষে সার্কিট হাউসে স্বল্প বিশ্রাম নিয়ে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন এবং অনুষ্ঠান শেষে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন।