একসময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর নানা আলোচিত চরিত্রে অভিনয় করে পরিচিতি পান খলনায়ক হিসেবে। তবে চলচ্চিত্রের পর্দার এই কঠিন চরিত্রের আড়ালে তিনি ছিলেন চিত্রনায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধুদের একজন।
১৯৭১ সালে বগুড়ায় জন্ম আশরাফুল হক ডনের। ১০ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা মারা গেলেও তার মা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বগুড়া থেকে ঢাকায় আসার পর চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় ডনের। সেই পরিচয়ই তাকে ধীরে ধীরে চলচ্চিত্রের জগতে নিয়ে যায়।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছিল ডনের অভিনীত প্রথম চলচ্চিত্র। তবে মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমেই সালমান শাহর সঙ্গে তার পরিচয় হয়। পর্দার সহকর্মী থেকে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব।
নব্বইয়ের দশকের দর্শকদের কাছে ডনের নাম মানেই ছিল খলনায়কের উপস্থিতি। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলচরিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে পর্দার কঠোর চরিত্রের বাইরে ব্যক্তিজীবনে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডন। বিভিন্ন সময় প্রিয় বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি। সালমান শাহর অকালমৃত্যুর প্রসঙ্গ উঠলে তার কণ্ঠেও ফুটে উঠত সেই বেদনা।
সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের স্মৃতি শেয়ার করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডন। তিনি বলেছিলেন, সালমান শাহকে হারানোর বেদনার পাশাপাশি তার মৃত্যু দেশের চলচ্চিত্রের জন্যও অপূরণীয় ক্ষতি।
এদিকে সালমান শাহ হত্যা মামলায় অন্যতম আসামি হিসেবে ডনের নাম রয়েছে। মামলাটির কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল।
সিআইডি জানিয়েছে, রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



