চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়কে থাকা ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট এবং ২২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বিএডিসির নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে অভিযান চালানো হয়।
তল্লাশির সময় বোটগুলো থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট জব্দ এবং ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা পণ্য ও নৌযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও সীমান্তপথে সংঘটিত সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



