টানা দুই দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার ভোগান্তির পর অবশেষে ঢাকার আকাশে দেখা মিলেছে রোদের। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর আকাশ অনেকটাই পরিষ্কার থাকায় নগরজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিক গতি।
গত রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নাজমিন আক্তার বলেন, “গত দুদিন কার্যত হলে আটকে ছিলাম। জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি। আজ আবার ক্লাসে যেতে পারছি, তাই স্বস্তি লাগছে।”
বৃষ্টির কারণে গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। নীলক্ষেত এলাকায় ভিআইপি পরিবহনের চালক রহিম মিয়া জানান, গত দুদিন বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। একই সঙ্গে যাত্রী সংখ্যাও ছিল তুলনামূলক কম। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় যাত্রী সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। ব্যাটারিচালিত রিকশাচালক রিপন মিয়া বলেন, “বৃষ্টির কারণে গত দুদিন আয়-রোজগার অনেক কম হয়েছে। সোমবার পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় জলাবদ্ধ সড়ক দিয়ে যাত্রী নেওয়ার সময় রিকশার ব্যাটারি ভিজে নষ্ট হয়ে যায়। সেটি ঠিক করতে অতিরিক্ত টাকা খরচ হয়েছে। টানা বৃষ্টিতে ভিজে কাজ করায় ঠান্ডাও লেগে গেছে।”
দুই দিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার রোদের দেখা মেলায় রাজধানীবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় আগামী দিনগুলোতেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



