আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় থাকলেও তার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ। বুধবার প্রচারিত ওই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মির্জা ফখরুল সম্পর্কে সরাসরি কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তখনও বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী ঘোষণা করেনি। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি।
আলোচনার একপর্যায়ে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছে। অলি আহমদের সঙ্গে বিএনপিতে থাকার সময় মির্জা ফখরুলও দলটিতে ছিলেন উল্লেখ করে উপস্থাপক তার কাছে মির্জা ফখরুল সম্পর্কে মূল্যায়ন জানতে চান।
জবাবে অলি আহমদ বলেন, তিনি নিজেও যেহেতু রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী, তাই অন্য একজন প্রার্থী সম্পর্কে মন্তব্য করা তার বিবেকে বাধে।
তিনি বলেন, ‘আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, আমি একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব—এটা আমার মনে…’
এরপর খালেদ মুহিউদ্দীন বলেন, ‘খারাপটা বললে বিবেকে বাধতে পারে, ভালো বললে অসুবিধা কী?’
জবাবে অলি আহমদ বলেন, ‘জনগণ বিচার করবে।’
এর মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে সরাসরি কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য না করে বিষয়টি জনগণের ওপর ছেড়ে দেন অলি আহমদ।
উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলি আহমদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট।



