tanaka
প্রচ্ছদরাজনীতিমাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি

মাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তা আইন অনুযায়ী খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে কমিশন বিষয়টি আইনগতভাবে পরীক্ষা করবে। অভিযোগ পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মাহবুবা হাকিম তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমএলএম’ ও ‘ব্যারিস্টার এট ল’ উল্লেখ করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাগনি। তবে মাহবুবা হাকিমের দাবি, তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং তার কোনো আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেই।

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাহবুবা হাকিম বলেন, ‘আমি বুটেক্স থেকে পাস করেছি। আমি বিএসসি ইঞ্জিনিয়ার। হলফনামার সঙ্গে ওই সনদই জমা দেওয়া আছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী। আইন বিষয়ে আমার কোনো সনদ নেই।’

হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য কীভাবে এসেছে—এ বিষয়ে তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহ, পূরণ ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি দলীয়ভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছেন।

মাহবুবা হাকিমের এই বক্তব্য নির্বাচন কমিশনের নজরে আনা হলে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে।

তিনি বলেন, কোনো প্রার্থী বা সংসদ সদস্য হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন কি না, সেটি যাচাইয়ের সুযোগ আইনে রয়েছে। তবে মাহবুবা হাকিমের ক্ষেত্রে তিনি আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা যাচাই করতে হলে আনুষ্ঠানিক অভিযোগ প্রয়োজন।

ইসি কমিশনার আরও বলেন, অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি নিয়ে শুনানি করতে পারে। এ সময় মাহবুবা হাকিমের বক্তব্যও জানতে চাওয়া হবে। সংশ্লিষ্ট নথি ও তথ্য যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থাৎ, বর্তমানে বিষয়টি অভিযোগ ও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পরই এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া শুরু হতে পারে।