tanaka
প্রচ্ছদপরবাসকর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া

কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

শুক্রবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হলেও কবে থেকে এবং কী প্রক্রিয়ায় নিয়োগ শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি মালয়েশিয়া সরকার।

এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় রয়েছে—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এর আগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরদিন ১ জুন থেকে নতুন করে বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সুযোগও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। কেউ কেউ টিকিট না পেয়ে বিমানবন্দর থেকেই ফিরে যেতে বাধ্য হন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই সময় প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি। পরে তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। তবে তাদেরও একটি বড় অংশ এখনো দেশটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে এমন কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার বলে জানা গেছে।

শ্রমবাজার বন্ধ হওয়ার পর থেকেই এটি পুনরায় চালুর জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলও মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেন। তবে এসব উদ্যোগের পরও বাজারটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। তার সফরকে ঘিরে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়। সফরের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

তবে ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের পরও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। কবে থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে, কীভাবে কর্মী বাছাই করা হবে এবং তালিকাভুক্ত ২৫টি এজেন্সি কোন প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফলে এজেন্সির তালিকা প্রকাশকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখা হলেও, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।