যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা রাখা হবে না এবং এই জলপথে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমতির ওপর নির্ভর করবে।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার বর্তমান যুদ্ধবিরতির পরিস্থিতির ওপর নির্ভরশীল।
মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিকের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানায়, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে সীমিত আকারে এই প্রণালি খোলা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, হরমুজ প্রণালি খোলা রাখার সিদ্ধান্তটি সাময়িক। লেবাননসহ আঞ্চলিক পরিস্থিতি বা স্থলভাগের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে যে কোনো সময় এটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে।
অন্যদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খোলা রাখতে এবং ভবিষ্যতে আর কখনো বন্ধ না করতে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে, যতক্ষণ না দুই দেশের মধ্যে সব ধরনের লেনদেন সম্পন্ন হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। তবে নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রে এই অনুমতি প্রযোজ্য হবে না।



