tanaka
প্রচ্ছদজাতীয়কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল একটি যাত্রীবাহী ট্রেনের। নির্ধারিত সময়ের আগে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি বগিতে আগুন দেখা যায়। পরে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বগিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ৯টা ৩৩ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, খবর পাওয়ার পর রাত ৯টা ৪৬ মিনিটের দিকে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এ ঘটনায় কেউ জড়িত কি না, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।