একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই বদলে দিয়েছে গুজরাটের জুনাগড়ের বাসিন্দা ইব্রাহিম কাদরির জীবন। এখন বিভিন্ন অনুষ্ঠান ও স্টেজ শোতে শাহরুখ খানের আদলে পারফর্ম করে তিনি প্রতি অনুষ্ঠানে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক পান।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী ইব্রাহিম জানান, ছোটবেলা থেকেই পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে শাহরুখ খানের মতো দেখতে বলে আসছিলেন। তবে তখন বিষয়টি তার কাছে খুব একটা স্বস্তিকর ছিল না। বরং এই তুলনা এড়াতে একসময় নিজের চেহারা ও সাজসজ্জায় পরিবর্তনও এনেছিলেন তিনি।
তবে ২০১৭ সালে একটি আইপিএল ম্যাচ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাজকোটে ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের অনেকেই তাকে সত্যিকারের শাহরুখ খান ভেবে ফেলেন। তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলেও শেষ পর্যন্ত এক পুলিশ সদস্যও ইব্রাহিমের সঙ্গে ছবি তোলেন।
এই ঘটনার পরই নিজের চেহারার মিলকে পেশা হিসেবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন ইব্রাহিম। শুধু শাহরুখের মতো দেখতে হওয়াই নয়, তার হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি, নাচ, সংলাপ এবং বডি ল্যাঙ্গুয়েজও আয়ত্ত করতে শুরু করেন।
ইব্রাহিম জানান, শুরুতে তিনি মনে করতেন চেহারায় মিল থাকলেই দর্শকদের আকৃষ্ট করা সম্ভব। কিন্তু এক অনুষ্ঠানে এক নারী দর্শক তাকে বলেন, সংলাপ ও নাচ ছাড়া শাহরুখ খানের উপস্থিতির অনুভূতি পাওয়া যায় না। এরপর প্রায় এক বছর ধরে তিনি শাহরুখের অভিনয়, সংলাপ ও পারফরম্যান্সের ধরন অনুশীলন করেন।
বর্তমানে ভারতে বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও বিদেশের স্টেজ শো ও করপোরেট আয়োজনেও নিয়মিত ডাক পান ইব্রাহিম। অনুষ্ঠানভেদে তার পারিশ্রমিক দেড় লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে প্রায় ২৬ লাখ অনুসারী রয়েছে। শুধু নিজে শাহরুখের আদলে পারফর্ম করেই থেমে থাকেননি ইব্রাহিম; তার দাবি, ইতোমধ্যে ৩০০ জনের বেশি মানুষকে শাহরুখ খানের স্টাইল, অঙ্গভঙ্গি ও পারফরম্যান্স অনুকরণে প্রশিক্ষণ দিয়েছেন।
অবাক করার মতো বিষয় হলো, এত জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগতভাবে শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য ইব্রাহিমের তেমন আগ্রহ নেই। তার মতে, সরাসরি দেখা হলে হয়তো শাহরুখকে অনুকরণ করার বর্তমান অনুভূতিতে পরিবর্তন আসতে পারে। তবে শাহরুখ নিজে যদি তাকে ডাকেন, সেই সুযোগ অবশ্যই গ্রহণ করবেন বলে জানান তিনি।
আর যদি সত্যিই একদিনের জন্য শাহরুখ খানের জীবন পাওয়ার সুযোগ আসে? ইব্রাহিমের স্বপ্ন খুব সাধারণ—মুম্বাইয়ের ‘মান্নাত’-এর ছাদে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে এক কাপ কফি পান করা।



